দোকানে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা অভিযোক্তের দাবি অবৈধ ভাবে পেট্রোল মজুদ
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ির পাশ্ববর্তী কাজীপুর উপজেলার মুনছুরনগর এলাকায় পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর দোকান ও বসতবাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী লাল চান ওরফে লালু মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার সিরাজগঞ্জ আমলী আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কাজীপুর উপজেলার মনছুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামের লালু মিয়ার সঙ্গে একই এলাকার একটি পক্ষের দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক বিরোধ চলছিল। এরই জেরে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালানো হয়। মামলায় আফছার আলীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, বুধবার রাতে লোহার রড, কাঠের বাটাম ও দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা লালু মিয়ার মুদি দোকানে হামলা চালায়। এ সময় দোকান ভাঙচুর করে প্রায় ৪ লাখ ২৯ হাজার টাকার মালামাল লুট করে নেয়। পাশাপাশি দোকান চালাতে হলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরে হামলাকারীরা তার বসতবাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। সেখানে দরজা-জানালা ভেঙে ঘরে থাকা প্রায় ১৫ লাখ টাকা নগদ অর্থ ও আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নেয়। এছাড়া পানির মোটর পাম্পসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করে আরও প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়। সব মিলিয়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
লালু মিয়া অভিযোগ করে বলেন, “চাঁদার দাবিতে সংঘবদ্ধ একটি চক্র আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালিয়েছে। তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।”
তবে অভিযুক্ত আফছার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “লালু মিয়া অবৈধভাবে পেট্রোল মজুদ রেখে বেশি দামে বিক্রি করছিল। এলাকাবাসী এতে বাধা দিলে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।”
স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, একটি চক্র চাঁদা না পেয়ে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। তিনি নিজেও বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তা মানেনি।
ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ভুক্তভোগী সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































